বগুড়ার সরকারি ওয়েবসাইটে এখনো শেখ মুজিব-শেখ হাসিনার ছবি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩৮ অপরাহন, গাস্ট ৪, ২০২৬

সংগৃহীত ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলা সমাজসেবা কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে এখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শিত হচ্ছে। সরকার পরিবর্তনের পরও ওয়েবসাইট হালনাগাদ না হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নে উপজেলা সমাজসেবা কার্যালয়ের ওয়েবপেজে ছবিটি দেখা যায়। পরে এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

ওয়েবসাইটে প্রকাশিত একটি ছবিতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল-আমিনকে তার কার্যালয়ে বসে থাকতে দেখা যায়। তার পেছনে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতি দৃশ্যমান রয়েছে।

স্থানীয়দের দাবি, সরকার পরিবর্তনের পর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও তথ্য হালনাগাদ করা হলেও আদমদীঘি উপজেলা সমাজসেবা কার্যালয়ের ওয়েবসাইটে এখনো পুরোনো ছবি রয়ে গেছে, যা প্রশাসনিক অবহেলার পরিচয় বহন করে।

সান্তাহার শহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ বলেন, দীর্ঘদিন ধরে সরকারি ওয়েবসাইটে পুরোনো ছবি বা তথ্য থাকা উচিত নয়। বিষয়টি দ্রুত সংশোধন করা প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল-আমিন বলেন, অফিস সহকারী না থাকায় ওয়েবসাইটটি নিয়মিত হালনাগাদ করা সম্ভব হয়নি। বিষয়টি তার নজরেও আসেনি। প্রয়োজন হলে তিনি নিজেই ছবিটি সরিয়ে দেবেন।

Nagad

আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম বলেন, বিষয়টি তার নজরে এসেছে এবং দ্রুত ওয়েবসাইট থেকে ছবিটি পরিবর্তনের ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: জাগো নিউজ