হরমুজ প্রণালি ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতার দাবি ইরানের
আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে নতুন জাহাজ চলাচলের পথ নির্ধারণ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা চূড়ান্ত হওয়ার কথা জানিয়েছে ইরান। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন এখনো তেহরানের সঙ্গে আলোচনায় রয়েছে এবং তিনি যুদ্ধের চেয়ে কূটনৈতিক সমাধানই বেশি পছন্দ করছেন।
ইরানি কর্মকর্তাদের মতে, কয়েক সপ্তাহের আলোচনার পর নতুন আন্তর্জাতিক নৌপথের ভৌগোলিক অবস্থান নির্ধারণে দুই দেশ একমত হয়েছে এবং যৌথ বিবৃতির খসড়া চূড়ান্ত করার কাজ চলছে। তবে তেহরান জোর দিয়ে বলেছে, এই আলোচনা কেবল ওমান ও ইরানের দ্বি-পাক্ষিক বিষয়; এতে তৃতীয় কোনো বিদেশি পক্ষের হস্তক্ষেপ নেই।
সমঝোতা হলেও প্রণালিতে আগের মতো স্বাভাবিক চলাচল ফিরবে না উল্লেখ করে তেহরান অভিযোগ করে, মার্কিন সামরিক পদক্ষেপ ও নৌ অবরোধের কারণেই মূলত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।
অন্যদিকে ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালির ওপর ইরানের একক কোনো কর্তৃত্ব থাকবে না এবং এই অস্থানান্তরযোগ্য নৌপথ ব্যবহারে কোনো অনুমোদন কিংবা ফি-র প্রয়োজন নেই।
এদিকে দায়িত্ব গ্রহণের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে দেওয়া বক্তব্যে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান অভিযোগ করেন, দেশের সামরিক কমান্ডার, বিজ্ঞানী ও কৌশলগত সক্ষমতাকে লক্ষ্যবস্তু বানিয়ে শত্রুপক্ষ ইরানের প্রতিরোধ ক্ষমতা দুর্বল করার ষড়যন্ত্র করছে। সূত্র: আলজাজিরা ।

