নওফেলের বাসভবনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ
চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের পাঁচলাইশ থানার চশমা হিল এলাকার মেয়র গলিতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৬ থেকে ৭ জনের একটি দল বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করলে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
ঘটনার পর নওফেলের ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহিন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপের তথ্য পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকার পতনের পর গত দুই বছরে চশমা হিলের এই বাসভবনে এটি চতুর্থ হামলার ঘটনা। এর আগে ২০২৪ সালের আগস্টে দুই দফা হামলা ও লুটপাট এবং গত বছরের ডিসেম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

