সালমান শাহ হত্যা মামলায় আটক অভিনেতা ডন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৩৬ অপরাহন, গাস্ট ৯, ২০২৬

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় সালমান শাহকে। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও বিতর্ক রয়েছে।

সম্প্রতি সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

সালমান শাহর পরিবার শুরু থেকেই দাবি করে আসছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তারা হত্যা মামলা করতে চাইলেও পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করেছিল।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, অপমৃত্যুর মামলা তদন্তের সময় হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সেটি হত্যা মামলায় রূপ নেওয়ার সুযোগ রয়েছে।

Nagad

নব্বইয়ের দশকের শুরুতে চলচ্চিত্রে অভিষেকের পর অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন সালমান শাহ। মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে ২৭টি সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।