ক্যান্সার ছড়িয়ে পড়েছে জো বাইডেনের শরীরে
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে প্রস্টেট ক্যান্সার আরও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ‘নিউজনাইট’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
হান্টার বাইডেন বলেন, তার বাবার ক্যান্সার এখন হাড় ছাড়িয়ে শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে। রোগটি অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং এতে বাইডেন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন বলেও জানান তিনি।
গত বছরের মে মাসে প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার কয়েক মাস পর জো বাইডেনের প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। তখন চিকিৎসকেরা জানিয়েছিলেন, ক্যান্সারটি তার হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
এরপর রেডিয়েশন ও হরমোন থেরাপির মাধ্যমে তার চিকিৎসা শুরু হয়। তবে চিকিৎসা চলার মধ্যেও ক্যান্সার আরও ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন হান্টার।
বাবার শারীরিক অবস্থা নিয়ে আবেগাপ্লুত হান্টার বাইডেন বলেন, তাকে এভাবে শারীরিকভাবে দুর্বল হতে দেখা অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক।
জো বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের নির্বাচনে ৮১ বছর বয়সে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে পারফরম্যান্স নিয়ে ব্যাপক সমালোচনা এবং দলের অভ্যন্তরীণ চাপের মুখে পরে প্রার্থিতা থেকে সরে দাঁড়ান বাইডেন।
এরপর নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন।
সূত্র: এএফপি

