আত্মহত্যা করতে চেয়েছিলেন গোবিন্দ কিন্তু কেন?
বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ মায়ের মৃত্যুর পর এতটাই ভেঙে পড়েছিলেন যে একপর্যায়ে আত্মহত্যার কথাও ভেবেছিলেন। প্রায় ৩০ বছর পর জীবনের সেই কঠিন সময়ের কথা প্রকাশ্যে আনলেন তিনি।
সম্প্রতি এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের জীবন ও ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে কথা বলেন গোবিন্দ। সেখানেই উঠে আসে তার জীবনের এই অজানা অধ্যায়ের কথা।
গোবিন্দ জানান, মাকে হারানোর পর তিনি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন। জীবন সম্পর্কে আগ্রহও অনেকটাই হারিয়ে ফেলেছিলেন। একপর্যায়ে নর্মদা নদীতে নেমে পড়েন তিনি। তখন তার মনে হয়েছিল, জীবন শেষ করে দেওয়াই হয়তো একমাত্র পথ।
অভিনেতার ভাষ্য, মায়ের জন্যই প্রথমে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। নদীতে যাওয়ার পর তার মনে হচ্ছিল, আরও কিছুটা এগিয়ে গেলে হয়তো মায়ের কাছে পৌঁছাতে পারবেন।
তবে সেই মুহূর্তেই সন্তানদের কথা মনে পড়ে যায় তার। এরপর নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন গোবিন্দ। তিনি উপলব্ধি করেন, সন্তানদের জন্য তাকে বেঁচে থাকতে হবে।
সাক্ষাৎকারে তাকে সরাসরি প্রশ্ন করা হয়, ওই সময় তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন কি না। জবাবে গোবিন্দ বলেন, হ্যাঁ, সে সময় তেমন কিছু একটা হয়ে গিয়েছিল।
মায়ের মৃত্যুর পরের সময়টিকে নিজের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়গুলোর একটি হিসেবে উল্লেখ করেন এই অভিনেতা। দীর্ঘদিন পর সেই অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আসায় নতুন করে আলোচনায় এসেছে গোবিন্দের জীবনের এই অজানা ঘটনা।

