প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: জয়সওয়াল
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত দুটি পৃথক সফরের আমন্ত্রণ জানিয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
মঙ্গলবার (১১ আগস্ট) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, দ্বিপাক্ষিক সফর এবং দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পৃথক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওই সময় দ্বিপাক্ষিক সফর এবং দিল্লিতে ব্রিকস সম্মেলনে অংশ নিতে তাঁকে আমন্ত্রণ জানানোর বিষয়টি জানানো হয়।
তবে ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
এর আগে সোমবার ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের চেয়ারপারসন হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সরকারপ্রধানকে দ্বিপাক্ষিক সফরের জন্য পৃথক চিঠি দিয়েছেন বলেও জানান তিনি।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিমসটেকের চেয়ারপারসন হিসেবে ওই পর্বে অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এ ছাড়া পৃথক আমন্ত্রণপত্রে বাংলাদেশের সরকারপ্রধানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত।

