ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, বদলে গেল তিন মন্ত্রণালয়ের দায়িত্ব
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করার সিদ্ধান্তের পরই সরকারের গুরুত্বপূর্ণ তিন মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন এসেছে।
ফখরুলের দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। একই সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।
রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার পর মির্জা ফখরুল তার সংসদীয় ও প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এরপরই এলজিআরডির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দ্রুত পুনর্বণ্টন করা হয়।
সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে প্রশাসনিক কার্যক্রমে যাতে কোনো ধরনের শূন্যতা বা স্থবিরতা তৈরি না হয়, সে জন্যই দ্রুত এই রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ফখরুলের রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে এলজিআরডি, স্বরাষ্ট্র ও পানিসম্পদ মন্ত্রণালয়ে এই পরিবর্তন সরকারের ভেতরে নতুন রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরও কী পরিবর্তন আসে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

