কলকাতার রাজপথে মিছিলে জয়া আহসান, সমালোচনার মুখে অভিনেত্রী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:১২ পূর্বাহ্, গাস্ট ১৭, ২০২৬

সংগৃহীত ছবি

ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতায় নারীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত মিছিলে অংশ নিয়ে আলোচনায় এসেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। মিছিলে অংশ নেওয়ার পাশাপাশি স্লোগান দেওয়ার এবং সমবেত কণ্ঠে গান গাওয়ার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কলকাতার রাজপথে নারীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে রাজনীতিক, নারী বিধায়ক, সাধারণ মানুষ এবং বাংলা চলচ্চিত্র ও সংগীতজগতের একাধিক তারকা অংশ নেন। পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের ডাকে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মিছিলে জয়া আহসানের সঙ্গে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, সংগীতশিল্পী ইমন চক্রবর্তী, পৌষালীসহ আরও অনেকে। এ সময় তাদের সমবেত কণ্ঠে ‘কারার ঐ লৌহ কপাট’ গান গাইতেও দেখা যায়।

মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জয়া আহসানকে ঘিরে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের নাগরিক হয়ে তিনি কেন কলকাতার এমন কর্মসূচিতে অংশ নিয়েছেন। আবার অনেকে নারীদের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ দাবিতে একজন শিল্পীর অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতার রাতের রাজপথ নারীদের জন্য নিরাপদ করার দাবিতেই এ কর্মসূচির আয়োজন করা হয়। এটি কোনো রাজনৈতিক ইস্যুকেন্দ্রিক কর্মসূচি নয় বলেও জানানো হয়েছে।

তবে মিছিলে অংশ নেওয়া নিয়ে এখন পর্যন্ত নিজের অবস্থান বা প্রতিক্রিয়া জানাননি জয়া আহসান।

Nagad

এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সম্প্রতি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমা। সিনেমাটি দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে।