চলন্ত এসি বাসে আগুন, যাত্রীদের ফেলে পালালেন চালক-সহকারী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্, গাস্ট ২২, ২০২৬

কক্সবাজার থেকে ঢাকাগামী একটি শীতাতপনিয়ন্ত্রিত বাসে চলন্ত অবস্থায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় বাসে থাকা প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রীকে ফেলে চালক ও তার সহকারী পালিয়ে যান বলে অভিযোগ করেছেন যাত্রীরা। তবে স্থানীয়দের দ্রুত তৎপরতায় সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। আগুনে আইকন পরিবহনের বাসটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

যাত্রীদের অভিযোগ, বাসের ভেতরে প্রথমে পোড়া গন্ধ পাওয়া যায়। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়লেও চালক বা তার সহকারী যাত্রীদের সতর্ক করেননি। পরে স্থানীয় লোকজন জানালার কাচ ভেঙে আতঙ্কিত যাত্রীদের একে একে বাস থেকে বের করে আনেন।

যাত্রী আবদুল আলীম জানান, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর বাসের ভেতরে আগুনের উপস্থিতি টের পান তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় যাত্রীরা প্রাণে রক্ষা পান।

রামু তুলাতলি ক্রসিং হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. ফজলুল হক জানান, ঘটনাস্থলের পাশে হাইওয়ে পুলিশের একটি দল অবস্থান করছিল। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় যাত্রী ও তাদের মালামাল উদ্ধার করে। পরে একই পরিবহনের আরেকটি বাসে যাত্রীদের ঢাকায় যাওয়ার ব্যবস্থা করা হয়।

রামু ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী জানান, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Nagad