সিলেটে তৈলবাহী ট্রাকের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে তৈলবাহী ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার দুপুর ২টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী পদ্মার একটি তৈলবাহী ট্রাক উল্টোপথে এসে একটি সিএনজিচালিত অটোরিকশাকে সামনের দিক থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা সাতজন যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া আশরাফ মৌলুদ চৌধুরী জানান, শিরামিশি গ্রামের এক যুক্তরাজ্যপ্রবাসীর বাড়িতে বসবাসকারী নিয়ামত নামে এক ব্যক্তি ও তার দুই মেয়ে নিহতদের মধ্যে রয়েছেন। অন্য একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার কারণ ও নিহতদের পূর্ণ পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।

