প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার।
সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ এবং দপ্তর বণ্টনের পরিপ্রেক্ষিতে এ দায়িত্ব বণ্টন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সংসদীয় কার্যক্রমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার অনুপস্থিতিতে এ দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এ ছাড়া বিকল্প হিসেবে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং শিল্প, বস্ত্র ও পাট ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকেও দায়িত্ব দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্ব পালন করবেন ড. আব্দুল মঈন খান। তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আফরোজা খানম। তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্ব পালন করবেন মন্ত্রী আন্দালিভ রহমান। তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় কার্যাবলির দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী এম রশিদউজ্জামান মিল্লাতকে। তার অনুপস্থিতিতে এ দায়িত্ব পালন করবেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্ব পালন করবেন সাচিং প্রু। তার অনুপস্থিতিতে এ দায়িত্বও পালন করবেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প হিসেবে কারা দায়িত্ব পালন করবেন, তা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, এর আগে এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনগুলোর অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। নতুন এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গত শুক্রবার (২১ আগস্ট) নতুন চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নেন। পরে তাদের মধ্যে দপ্তর বণ্টন এবং একজন মন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়। এর পরিপ্রেক্ষিতে সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য নতুন করে দায়িত্ব বণ্টন করা হলো।

