প্রাথমিক শিক্ষকদের বদলিতে নতুন কড়াকড়ি, মানতে হবে যেসব শর্ত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৪১ পূর্বাহ্, গাস্ট ২৭, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলিতে নতুন কড়াকড়ি আরোপ করা হয়েছে। চাকরির দুই বছর পূর্ণ না হলে বদলির আবেদন করা যাবে না। আবার একবার বদলি হওয়ার পর তিন বছর পূর্ণ না হওয়া পর্যন্ত পুনরায় বদলির জন্য বিবেচিত হবেন না শিক্ষকরা।

সিলেট বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি সংক্রান্ত এক নোটিশে এসব শর্ত জানানো হয়েছে। সম্প্রতি সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে নোটিশটি জারি করা হয়।

নোটিশ অনুযায়ী, সংশ্লিষ্ট বিদ্যালয়ে অনুমোদিত শূন্য পদ থাকলেই কেবল সেখানে শিক্ষক বদলি করা যাবে। কোনো বিদ্যালয়ে শূন্য পদ না থাকলে সেখানে বদলির সুযোগ থাকবে না।

শিক্ষক সংকটে থাকা বিদ্যালয় থেকেও বদলির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যেসব বিদ্যালয়ে পাঁচজন বা তার কম শিক্ষক কর্মরত রয়েছেন অথবা শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:৪০-এর বেশি, সেসব বিদ্যালয় থেকে শিক্ষক বদলি করা যাবে না।

এ ছাড়া কোনো শিক্ষকের আবেদন ছাড়া তাকে নিজ বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে বদলি করা হবে না। একই বিদ্যালয় থেকে একাধিক শিক্ষক বদলির আবেদন করলে জ্যেষ্ঠ শিক্ষক অগ্রাধিকার পাবেন।

নারী শিক্ষকদের ক্ষেত্রেও বিশেষ অগ্রাধিকারের কথা বলা হয়েছে। সব শর্ত পূরণ সাপেক্ষে তারা তাদের স্থায়ী ঠিকানা অথবা স্বামীর স্থায়ী ঠিকানার কাছাকাছি বিদ্যালয়ে বদলির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

Nagad

নোটিশে বলা হয়েছে, অন্তঃবিভাগীয় বদলির আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে নিষ্পত্তি করবে। আবেদনকারীর তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর নির্ধারিত কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে আন্তঃবিভাগীয় বদলির আবেদন সর্বশেষ বদলি নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই করে প্রয়োজনীয় কাগজপত্রসহ মহাপরিচালকের মাধ্যমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন শর্তের ফলে বদলির ক্ষেত্রে চাকরির মেয়াদ, আগের বদলির সময় এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকসংখ্যাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে শিক্ষক সংকটে থাকা বিদ্যালয়ে প্রয়োজনীয় জনবল ধরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।