সালমান শাহ হত্যা মামলা: ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে চায় সিআইডি, শুনানি আজ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্, গাস্ট ২৭, ২০২৬

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদনের ওপর আজ বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ সূত্রে জানা গেছে, সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. মজিবুর রহমান গত ২৪ আগস্ট ডনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন।

ওই আবেদনের ওপর শুনানির জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আজ ২৭ আগস্ট দিন ধার্য করেন। আসামির উপস্থিতিতে শুনানি হবে এবং ডনকে কারাগার থেকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

যে কারণে রিমান্ড চেয়েছে সিআইডি

রিমান্ড আবেদনে তিনটি কারণ উল্লেখ করেছে তদন্ত সংস্থা সিআইডি। তাদের দাবি, ডনকে পুলিশ হেফাজতে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

সিআইডির আবেদনে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ ঘটনায় জড়িত অন্য সহযোগীদের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা সম্ভব হতে পারে।

Nagad

এ ছাড়া বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডন কীভাবে, কেন এবং কার ইন্ধনে বিদেশে পালানোর চেষ্টা করেছিলেন, সে বিষয়েও তথ্য উদ্‌ঘাটন প্রয়োজন বলে জানিয়েছে তদন্ত সংস্থা।

বিমানবন্দর থেকে গ্রেপ্তার

এর আগে গত ৯ আগস্ট ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীতে তার জামিন আবেদনও নামঞ্জুর হয়।

যেভাবে হত্যা মামলা

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় প্রথমে রমনা থানায় অপমৃত্যুর মামলা হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের রিভিশন আবেদন মঞ্জুর করে ঘটনাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

পরদিন ২১ অক্টোবর সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। মামলায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, আশরাফুল হক ডনসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করেছেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর নিউ ইস্কাটনের বাসায় সালমান শাহকে নিথর অবস্থায় পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দীর্ঘ প্রায় তিন দশক পর হত্যা মামলা হিসেবে নতুন করে তদন্তের আওতায় আসা এ ঘটনায় গ্রেপ্তার ডনকে রিমান্ডে নেওয়া হবে কি না, সে বিষয়ে আজ আদালতের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।