ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২
রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন রুলির মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার রাতে মো. পনি ওরফে প্যারা পনি ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এ সময় পনির ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
রোববার বিকেল ৪টায় মোহাম্মদপুরের বসিলায় র্যাব-২-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব।
নিহত রনজিনা পারভীন রুলি (৫৫) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।
পুলিশ ও স্বজনদের বরাতে জানা গেছে, শুক্রবার রাতে স্বামী আব্দুল মতিনের সঙ্গে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা। শনিবার ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে রিকশায় করে ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন তিনি।
পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে একটি মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা রিকশার পেছন থেকে তার ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান রনজিনা। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেছেন। গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা এবং ছিনতাইয়ের পুরো ঘটনা সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছে র্যাব।

