কিয়ারার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে আপত্তি, সমালোচকদের পাল্টা প্রশ্ন স্বস্তিকার
‘টক্সিক’ সিনেমায় ইয়াশের সঙ্গে কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক থামছেই না। বিশেষ করে ‘তবাহি’ গানে দুই তারকার অন্তরঙ্গ দৃশ্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়ারার সমালোচনা শুরু হয়। এবার সেই সমালোচনার জবাব দিয়েছেন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারার সমালোচকদের উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে স্বস্তিকা বলেন, ‘কিয়ারা কি মাদার টেরেসার চরিত্রে অভিনয় করবেন বলে চুক্তিপত্রে সই করেছিলেন?’
স্বস্তিকার মতে, কোনো সিনেমা দেখার আগেই দর্শকদের একাংশ নারী ও অভিনেত্রীদের নিয়ে নিজেদের মতামত তৈরি করে ফেলেন। সিনেমার গল্প, চরিত্র কিংবা দৃশ্যের প্রেক্ষাপট না জেনেই শুধু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে-এমন তথ্যের ভিত্তিতে সমালোচনা শুরু হয়ে যায়।
তিনি বলেন, সিনেমায় কী আছে, চরিত্রটির গুরুত্ব কী কিংবা গল্পটি কী-এসব না জেনেই একজন অভিনেত্রীর অভিনয় নিয়ে মন্তব্য করা ঠিক নয়। একজন অভিনেত্রী কোন ধরনের চরিত্রে অভিনয় করবেন, সেটি তাঁর পেশাগত সিদ্ধান্ত।
কিয়ারার সমালোচকদের উদ্দেশে স্বস্তিকা আরও বলেন, ‘কিয়ারা বা অন্য অভিনেত্রীরা কি দর্শকের জন্য চুক্তিপত্রে সই করেন? এমন কোনো প্রচারপত্র কি তারা বিলি করেছিলেন, যেখানে লেখা ছিল-আমি শুধু মাদার টেরেসার মতো চরিত্রেই অভিনয় করব?’
ভারতীয় সমাজে যৌনতা নিয়ে এখনো এক ধরনের অস্বস্তি ও ট্যাবু রয়েছে বলেও মন্তব্য করেন স্বস্তিকা। তাঁর মতে, যৌনতা মানুষের জীবনের স্বাভাবিক অংশ। তাই সিনেমায় ঘনিষ্ঠতা বা যৌনতার উপস্থাপনাকে কেন্দ্র করে অতিরিক্ত নৈতিকতার বিচার করা উচিত নয়।
সন্তান জন্মদানের প্রসঙ্গ টেনে স্বস্তিকা বলেন, ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমেই মানুষ পরিবার গড়ে তোলে। ফলে কোনো অভিনেত্রী পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলেই তাঁর ব্যক্তিগত চরিত্র, বৈবাহিক পরিচয় কিংবা মাতৃত্বকে টেনে এনে প্রশ্ন তোলা সমীচীন নয়।
এদিকে ‘টক্সিক’ সিনেমায় ইয়াশ ও কিয়ারার রসায়ন নিয়ে মুক্তির আগেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। তবে সিনেমাটির অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বিতর্কও আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। এবার কিয়ারার সমর্থনে স্বস্তিকা মুখোপাধ্যায়ের বক্তব্য সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।

