মক্কা প্যাক্টে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে সৌদি-তুরস্ক ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:২৯ অপরাহন, গাস্ট ৩০, ২০২৬

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার ক্ষেত্রে ঢাকা কোনো ঝুঁকি দেখছে না বলেও জানান তিনি।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘বাঁচার আগে মরার চিন্তা করলে সমস্যা।’ তিনি জানান, জোটটিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সৌদি আরব ও তুরস্কের অবস্থান ইতিবাচক।

এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছিলেন, বাংলাদেশ মক্কা প্যাক্টে যোগ দেবে কি না, তা চুক্তিভুক্ত সদস্যদেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করছে। সদস্যদেশগুলো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

এদিকে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত পর্যায়ে রয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশ ও চীন কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু করতে যাচ্ছে। তবে সংলাপের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

Nagad