বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় সমাধি ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে জনস্রোতের সৃষ্টি হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতা ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, আমান উল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও হাবিব উন নবী খান সোহেলসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জিয়া উদ্যানের আশপাশে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে বিজয় সরণি থেকে জিয়াউর রহমানের সমাধি পর্যন্ত এলাকায় জনস্রোতের সৃষ্টি হয়।
সমাধি এলাকায় আগে থেকেই কোরআন তেলাওয়াতের আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল। তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের পর মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল ও মুক্তিযোদ্ধা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে এসে শ্রদ্ধা জানান।
এ সময় মিছিল ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে জিয়া উদ্যান ও আশপাশের এলাকা। অনেক নেতাকর্মীর হাতে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি দেখা যায়। ঢাকার বাইরের বিভিন্ন এলাকা থেকেও নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিতে ঢাকায় আসেন।
জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মাদ এমপি বলেন, ‘বিএনপি হচ্ছে আমাদের আবেগ ও ভালোবাসার নাম। তাই প্রতিবছর এই দিনটির জন্য আমরা অপেক্ষায় থাকি।’
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি কয়েক দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে।

