দেশে ১১৫ টপস এআই পারফরম্যান্সের লেনোভো অল-ইন-ওয়ান পিসি

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ৮:৫০ পূর্বাহ্, সেপ্টেম্বর ২, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ নতুন অল-ইন-ওয়ান পিসি সিরিজ দেশের বাজারে এনেছে লেনোভো। ‘আইডিয়াসেন্টার এআই অল-ইন-ওয়ান (এআইও)’ সিরিজের এসব কম্পিউটারে ইন্টেল কোর আল্ট্রা সিরিজ ২ বা লুনার লেক প্রসেসর ব্যবহার করা হয়েছে। মডেলভেদে এতে সর্বোচ্চ ১১৫ টেরাঅপারেশনস পার সেকেন্ড (টপস) এআই পারফরম্যান্স পাওয়া যাবে।

ইন্টেলের লুনার লেক প্রসেসর এআইভিত্তিক কাজের জন্য বিশেষভাবে তৈরি। এতে থাকা নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ) ডিভাইসেই বিভিন্ন এআই কাজ প্রক্রিয়াকরণ করতে পারে। ফলে ক্লাউডনির্ভরতা কমানোর পাশাপাশি দ্রুত প্রতিক্রিয়া ও ডিভাইসের গোপনীয়তা বাড়ানোর সুবিধা পাওয়া যায়।

লেনোভোর নতুন এআই অল-ইন-ওয়ান পিসিগুলোতে রয়েছে ইন্টেল আর্ক গ্রাফিক্স, ১৬ জিবি ডিডিআর৫এক্স-৮৫৩৩ র‍্যাম এবং ৫১২ জিবি পিসিআই-ই জেন৪ এনভিএমই এসএসডি। ডিসপ্লেতে রয়েছে এফএইচডি আইপিএস অ্যান্টি-গ্লেয়ার প্যানেল, ১০০ হার্টজ রিফ্রেশ রেট ও ৯৯ শতাংশ এসআরজিবি কালার গ্যামাট। এ ছাড়া ৫ মেগাপিক্সেল ক্যামেরা ও হারমান স্পিকার রয়েছে।

দেশের বাজারে সিরিজটির চারটি মডেল পাওয়া যাচ্ছে। এর মধ্যে আইডিয়াসেন্টার এআইও এফ০জেওয়াই০০১জেএলকে ও এফ০জেডব্লিউ০০১এএলকে মডেলে রয়েছে কোর আল্ট্রা ৫ ২২৬ভি প্রসেসর এবং ৯৭ টপস এআই পারফরম্যান্স। মডেল দুটির সর্বোচ্চ মূল্য যথাক্রমে ১ লাখ ১৫ হাজার ও ১ লাখ ১৮ হাজার টাকা।

অন্যদিকে আইডিয়াসেন্টার এআইও এফ০জেওয়াই০০১কেএলকে ও এফ০জেডব্লিউ০০১বিএলকে মডেলে রয়েছে কোর আল্ট্রা ৭ ২৫৬ভি প্রসেসর, আর্ক ১৪০ভি গ্রাফিক্স এবং ১১৫ টপস এআই পারফরম্যান্স। এ দুই মডেলের সর্বোচ্চ মূল্য যথাক্রমে ১ লাখ ২১ হাজার ও ১ লাখ ২৫ হাজার টাকা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, লেনোভোর নতুন এআই অল-ইন-ওয়ান পিসি সিরিজ ১ বছরের অফিসিয়াল ওয়ারেন্টিসহ গ্লোবাল ব্র্যান্ড পিএলসির বিভিন্ন শাখা, অনুমোদিত ডিলার ও দেশের শীর্ষস্থানীয় আইটি শপে পাওয়া যাচ্ছে।

Nagad