সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:১৬ অপরাহন, সেপ্টেম্বর ২, ২০২৬

‘বাংলাদেশ অ্যালোকেশন রুলস, ১৯৮২’ অনুযায়ী এ, বি ও সি শ্রেণির সরকারি বাসা বা বাড়ি সরাসরি বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। এসব বাসা বা বাড়ি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে যথাযথভাবে কোটা সমন্বয়ের মাধ্যমে বরাদ্দ দিতে হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সরকারি আবাসন পরিদপ্তর থেকে এ বিষয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ অ্যালোকেশন রুলস, ১৯৮২’-এর রুল-৬ অনুযায়ী এ, বি ও সি শ্রেণির সরকারি বাসা বা বাড়ি বরাদ্দ দেওয়ার কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ সম্পন্ন করে থাকে। অন্যদিকে সরকারি আবাসন পরিদপ্তরের দায়িত্ব হলো এসব শ্রেণির আবাসনের কোটা বিন্যাস ও সমন্বয় করা।

চিঠিতে আরও বলা হয়, তিন মাসের বেশি সময় খালি পড়ে থাকা এ, বি ও সি শ্রেণির সরকারি বাসাগুলো সরকারি রাজস্ব আদায় ও সুষ্ঠু বরাদ্দ ব্যবস্থাপনার স্বার্থে আবাসনের পুলে এনে প্রাধিকারভুক্ত কর্মচারীদের অনুকূলে বরাদ্দ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। এরই আলোকে কিছু বাসা উপযুক্ত কর্মচারীদের অনুকূলে বরাদ্দও দেওয়া হয়েছে।

পরবর্তী সময়ে খালি বাসার তথ্যসহ বরাদ্দ দেওয়ার অনুরোধ জানিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠানো হয়। বিষয়টি সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দ কমিটি-১-এর গত ৩০ জুনের সভায়ও আলোচনা হয়।

সভায় গৃহীত সুপারিশে বলা হয়, ‘বাংলাদেশ অ্যালোকেশন রুলস, ১৯৮২’-এর রুল-৬ অনুযায়ী এ, বি ও সি শ্রেণির বাসা বা বাড়ি সরকারি আবাসন পরিদপ্তর থেকে সরাসরি বরাদ্দ না দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কোটা যথাযথভাবে সমন্বয় করে বরাদ্দ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

Nagad

এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে অনুরোধ জানিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর।