ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০০
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে।
এ সময়ে নতুন করে এক হাজার ১১০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৭৪০ জন।
বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।
চলতি বছর ডেঙ্গুতে মৃত ১০৭ জনের মধ্যে নারী ৫৯ জন, যা মোট মৃত্যুর ৫৫ দশমিক ১ শতাংশ। পুরুষের সংখ্যা ৪৮ জন বা ৪৪ দশমিক ৯ শতাংশ।
ঢাকা বিভাগের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ৩৬ জন, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ১৫ জন এবং সিটি করপোরেশনের বাইরের হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া খুলনায় ১৮ জন, ময়মনসিংহে ১২, বরিশালে ১০, চট্টগ্রামে সাত, রাজশাহীতে চার এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ২৮০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৩৫ হাজার ৪৩৩ জন।

