অগ্রণী, বেসিক ও বিডিবিএল এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:২২ অপরাহন, সেপ্টেম্বর ২, ২০২৬

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক-অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

ব্যাংক তিনটির মধ্যে অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও হিসেবে মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডি হিসেবে মো. জসীম উদ্দিন এবং বেসিক ব্যাংকের এমডি হিসেবে মো. কামরুজ্জামান খান দায়িত্ব পালন করে আসছিলেন।

বুধবার (২ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা প্রজ্ঞাপনে বলা হয়, তিন ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকার সুপারিশ ও সম্মতি জানিয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন এবং পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের শর্ত অনুযায়ী অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মো. আনোয়ারুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী বিধিসম্মত কার্যক্রম নিতে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তের পর সংশ্লিষ্ট চুক্তিপত্র ও আইন অনুযায়ী তিন ব্যাংকের পরিচালনা পর্ষদ তাদের নিয়োগ বাতিলের পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করবে।

Nagad