হরমুজে সৌদির সুপারট্যাংকারে হামলা, ফিলিপাইনের ২ নাবিক নিহত
হরমুজ প্রণালি অতিক্রমের সময় ইরানি বাহিনীর হামলার শিকার হয়েছে সৌদি আরবের একটি সুপারট্যাংকার। এতে জাহাজে থাকা দুই ফিলিপিনো নাবিক নিহত হয়েছেন। ‘বাহরি সিদর’ নামের ট্যাংকারটি সৌদি আরবের অপরিশোধিত তেল বহন করছিল।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার (৩১ আগস্ট) রাতে হরমুজ প্রণালি পার হওয়ার সময় ট্যাংকারটিতে হামলা হয়। একই সময়ে সৌদি আরবের তেলবাহী আরও একটি সুপারট্যাংকারে হামলার খবর পাওয়া যায়।
ঘটনার পর উত্তেজনা বন্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক নৌনিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিরাপত্তার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সৌদি আরবের রাষ্ট্রীয় জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান বাহরি জানিয়েছে, তারা জাহাজটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সামুদ্রিক খাতের অংশীজনদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
এর আগে গত জুলাইয়ে ‘ওয়েদইয়ান’ নামে বাহরির আরেকটি সুপারট্যাংকারে হামলা হয়েছিল। ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রমের সময় জাহাজটিতে হামলা চালানো হয়।
এ ছাড়া সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার পর জুলাই ও আগস্টে ‘মাসা’ ও ‘আমজান’ নামে বাহরির আরও দুটি জাহাজ লোহিত সাগরে হামলার শিকার হয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো।

