তিন হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে উবার
ব্যবস্থাপনার স্তর কমানো ও মূল ব্যবসায় মনোযোগ বাড়াতে বিশ্বজুড়ে ৩ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান উবার। এই সংখ্যা প্রতিষ্ঠানটির মোট বৈশ্বিক কর্মীর প্রায় ১০ শতাংশ।
স্থানীয় সময় বুধবার (২ সেপ্টেম্বর) কর্মীদের কাছে পাঠানো এক ই-মেইলে ছাঁটাইয়ের সিদ্ধান্তের কথা জানান উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারা খোসরোশাহি। খবর বিবিসির।
ই-মেইলে দারা খোসরোশাহি বলেন, দ্রুত সম্প্রসারণের ফলে উবারের ব্যবস্থাপনায় অতিরিক্ত স্তর এবং ছোট ছোট দল তৈরি হয়েছিল। এতে সিদ্ধান্ত গ্রহণের গতি কমে যাচ্ছিল। কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও সুসংগঠিত করা এবং ভবিষ্যতে বড় সুযোগ কাজে লাগানোর সক্ষমতা বাড়ানো হবে।
সান ফ্রান্সিসকোভিত্তিক উবারের এই পদক্ষেপকে প্রতিষ্ঠানটির বড় ধরনের পুনর্গঠন হিসেবে দেখা হচ্ছে। ছাঁটাইয়ের পর বিশ্বজুড়ে উবারের কর্মীসংখ্যা প্রায় ৩০ হাজারে নেমে আসবে, যা ২০২১ সালের কাছাকাছি পর্যায়ের কর্মীসংখ্যা। তবে কোন কোন দেশের কার্যালয়ে সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই করা হবে, তা প্রতিষ্ঠানটি জানায়নি।
এই ছাঁটাইয়ের আওতায় ব্যবস্থাপনা ও নন-ম্যানেজার—দুই স্তরের কর্মীরাই পড়বেন।
বাজার বিশ্লেষকদের ধারণা, ব্যয় কমানোর এ উদ্যোগের মাধ্যমে উবার বছরে প্রায় ২০০ কোটি ডলার সাশ্রয় করতে পারবে। সাশ্রয় হওয়া অর্থ স্বয়ংক্রিয় গাড়ি প্রযুক্তি, রোবোট্যাক্সি পরিচালনা এবং রাইড-হেইলিং ব্যবসা সম্প্রসারণে বিনিয়োগ করা হতে পারে।
ছাঁটাইয়ের পাশাপাশি কর্মীদের দূরবর্তীভাবে কাজের সুযোগও উল্লেখযোগ্যভাবে কমানোর ঘোষণা দিয়েছে উবার। নতুন নীতিতে মাত্র ১ শতাংশ কর্মী দূরবর্তী কাজের সুবিধা পাবেন। অন্যদের নির্দিষ্ট কার্যালয়ে উপস্থিত থেকে কাজ করতে হবে।
উবারের পুনর্গঠন ও ব্যয় সংকোচনের সিদ্ধান্তকে ইতিবাচকভাবে নিয়েছে পুঁজিবাজার। ঘোষণার পর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে।

