বাংলাদেশে পেমেন্ট ব্যবস্থা ও অবকাঠামো নিয়ে গুগলের সঙ্গে বিটিআরসির আলোচনা
বাংলাদেশে সেবা কার্যক্রম সম্প্রসারণ, স্থানীয় পেমেন্ট ব্যবস্থা চালু ও অবকাঠামো তৈরির বিষয়ে গুগলের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একই সঙ্গে বাংলাদেশে স্থানীয় অফিস স্থাপন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণ এবং দেশীয় স্টার্টআপে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.)-এর সঙ্গে গুগলের দক্ষিণ এশিয়া অঞ্চলের পাবলিক পলিসি প্রধান কাইল গার্ডনারের সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে গুগল প্রতিনিধি বাংলাদেশে তাদের বিভিন্ন সেবা কার্যক্রম সম্প্রসারণ, পেমেন্ট ব্যবস্থা চালু এবং অবকাঠামো তৈরির বিষয়ে আগ্রহের কথা জানান। পাশাপাশি বিটিআরসির সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
বাংলাদেশে গুগলের বিপুলসংখ্যক ব্যবহারকারী থাকায় ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পাশাপাশি দেশে স্থানীয় অফিস স্থাপনের জন্য গুগলকে আহ্বান জানায় বিটিআরসি।
এ সময় বাংলাদেশে গুগলের এআই মডেলের ল্যাব স্থাপন, স্থানীয় প্রকৌশলীদের এআই বিষয়ে প্রশিক্ষণ এবং দেশীয় স্টার্টআপ উদ্যোক্তাদের উন্নয়ন ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি এ খাতে বিনিয়োগকারীদের উৎসাহিত করতে গুগল আলাদা কোনো সেবা চালু করবে কি না, সে বিষয়েও জানতে চায় বিটিআরসি।
জবাবে গুগল প্রতিনিধি এসব বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো পর্যালোচনার কথা জানান। বাংলাদেশে স্থানীয় অফিস স্থাপনে বর্তমানে কিছু সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে ভবিষ্যতে বিষয়টি বিবেচনার আশ্বাসও দেন তিনি।
ক্ষতিকর কনটেন্ট ও জুয়ার প্রচারণা ঠেকানোর আহ্বান
গুগলের বিভিন্ন প্ল্যাটফর্মে ক্ষতিকর কনটেন্ট দ্রুত শনাক্ত ও অপসারণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিটিআরসি। একই সঙ্গে বাংলাদেশে স্থানীয় পেমেন্ট ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তার বিষয়টিও গুগল প্রতিনিধিকে অবহিত করা হয়।
গুগলের প্ল্যাটফর্ম ব্যবহার করে যাতে অপরাধীরা বেটিং, জুয়া বা অবৈধ আর্থিক কার্যক্রমের প্রচারণা চালাতে না পারে, সে বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ নিতে গুগলকে আহ্বান জানান বিটিআরসি চেয়ারম্যান।
এ ধরনের কনটেন্ট প্রকাশের সঙ্গে সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও অপসারণের কার্যকর কারিগরি ব্যবস্থা চালুর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সভায় গুগলের সঙ্গে সরকারের সহযোগিতার পরিধি আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বিটিআরসির পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, বিভাগ ও মন্ত্রণালয়ের সঙ্গে গুগলের কার্যকর সহযোগিতা ও অংশীদারত্ব গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়।
গুগলের পাবলিক পলিসি প্রধান কাইল গার্ডনার বিটিআরসি চেয়ারম্যানের মতামতকে স্বাগত জানান। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিটিআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাতে বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ, সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লে. কর্নেল মো. কামরুল হাসান মামুন এবং উপপরিচালক এস এম তাইফুর রহমান উপস্থিত ছিলেন।

