পিরোজপুরে বিদেশি পিস্তল-গুলি ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার
পিরোজপুর সদর উপজেলায় বিদেশি পিস্তল, গুলি ও গাঁজাসহ রাজিব খান (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতঘর থেকে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে রাজিব খানকে গ্রেপ্তার করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে অস্ত্র, গুলি ও গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা ম্যাগাজিনে ‘মেড ইন ইউএসএ, এন১১০১’ লেখা রয়েছে। জব্দ করা হয়েছে অস্ত্র ও অন্যান্য আলামতও।
পুলিশ সুপার বলেন, রাজিব খানের বাড়িতে অবৈধ অস্ত্র থাকার গোপন তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়। তার বিরুদ্ধে এর আগে মাদক, জুয়া ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

