মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৫০ অপরাহন, সেপ্টেম্বর ৮, ২০২৬

সরকারি কাজে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের অভ্যন্তরীণ ও বৈদেশিক ভ্রমণের বিল পরিশোধ এবং অগ্রিম অর্থ সমন্বয়ের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এখন থেকে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণক যথাযথভাবে দাখিল না করলে ভ্রমণ বিলের অর্থ ছাড় করা হবে না। মন্ত্রিপরিষদ বিভাগ গত ৩ সেপ্টেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কাজে দেশে বা বিদেশে ভ্রমণ শেষে প্রকৃত ব্যয় পরিশোধের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিল দাখিল করতে হবে।

বৈদেশিক ভ্রমণের ক্ষেত্রে সরকারপ্রধানের অনুমোদিত সারসংক্ষেপের কপি এবং অভ্যন্তরীণ ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ থেকে জারি করা অফিস আদেশের কপি বিলের সঙ্গে সংযুক্ত করতে হবে।

যানবাহন ভাড়ার ক্ষেত্রে প্রকৃত ভাড়ার টিকিট, বিমান ভ্রমণের ক্ষেত্রে টিকিটের সঙ্গে বোর্ডিং পাস, অনুমোদিত ভ্রমণ বিবরণী ও ভ্রমণসূচি দাখিল করতে হবে। আবাসিক হোটেলে অবস্থানের ক্ষেত্রে প্রকৃত পরিশোধিত বিলের কপি বা অন্যান্য প্রমাণক জমা দিতে হবে।

বৈদেশিক ভ্রমণ ব্যয়ের ক্ষেত্রে টাকার পাশাপাশি সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রার বিনিময় হারসংক্রান্ত বিবরণী জমা দিতে হবে। অন্যান্য ব্যয়ের ক্ষেত্রেও সংশ্লিষ্ট ভাউচার বা প্রয়োজনীয় প্রমাণক সংযুক্ত করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারপ্রধানের অনুমোদিত সারসংক্ষেপে উল্লেখিত ভ্রমণকালের চেয়ে অতিরিক্ত সময় কেউ ভ্রমণ করলে ওই অতিরিক্ত সময়ের জন্য পুনরায় অনুমোদন নিতে হবে।

Nagad

অগ্রিম অর্থ বরাদ্দের ক্ষেত্রে অর্থ বিভাগের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করতে হবে। অগ্রিম অর্থ নিয়ে ভ্রমণ করলে ভ্রমণ শেষ হওয়ার এক মাসের মধ্যে অগ্রিম সমন্বয় বিল দাখিল করতে হবে। আগের ভ্রমণের অগ্রিম বিল সমন্বয় না করলে পরবর্তী ভ্রমণের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হবে না।

এ ছাড়া নথি ব্যবস্থাপনা ও অর্থ ছাড়ের সুবিধার্থে প্রয়োজনীয় সময় হাতে রেখে অগ্রিম অর্থ বরাদ্দের বিল দাখিল করতে বলা হয়েছে। মূল কপিসহ বিলের মোট তিন সেট জমা দিতে হবে। বিলের সব ফটোকপি যথাযথভাবে সত্যায়িত থাকতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের নোটিশে ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এ প্রজ্ঞাপন প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।