সাত ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:০৪ অপরাহন, সেপ্টেম্বর ১৪, ২০২৬

সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি সানাউল্লাহ বলেন, সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করা হবে। এর মধ্যে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি নির্বাচন হবে ১২ নভেম্বর। তিনি জানান, প্রথম ধাপে চট্টগ্রাম ও কুমিল্লার তিনটি করে উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দুই জেলায় উপজেলার সংখ্যা বেশি হওয়ায় সেখানে তিনটি করে উপজেলা প্রথম ধাপে রাখা হয়েছে।

এ ছাড়া যেসব জেলায় ১০ বা তার বেশি উপজেলা রয়েছে, সেসব জেলার দুটি করে উপজেলায় প্রথম ধাপে ভোট হবে। সব মিলিয়ে প্রথম ধাপে ৮০টি উপজেলা রাখা হয়েছে।

নির্বাচন কমিশনার বলেন, আদালতের রায়ের কারণে দুটি উপজেলায় নির্বাচন করতে হবে। অন্য উপজেলাগুলো বেশি সংখ্যক উপজেলা থাকা জেলাগুলোতে আনুপাতিক হারে সমন্বয় করে প্রথম ধাপে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ষষ্ঠ ও সপ্তম ধাপকে তুলনামূলকভাবে হালকা রাখা হবে।

Nagad

ইসি ঘোষিত সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের ভোট ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হতে পারে।