সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
আজ শুক্রবার (২ অক্টোবর) যুক্তরাজ্যের লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তৌফিক ইমরোজ খালিদী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সাল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি সংবাদপত্রে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। পরে তিনি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন।
২০১৭ সালে তৌফিক ইমরোজ খালিদীকে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার প্রদান করা হয়।
এদিকে তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রাষ্ট্রপতি বলেন, দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন একজন পথিকৃৎ। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারালো। সাংবাদিকতা ও গণমাধ্যমে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
রাষ্ট্রপতি তার সঙ্গে থাকা ব্যক্তিগত স্মৃতির কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু তার জন্য অত্যন্ত বেদনাদায়ক। এ মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত ও শোকাহত।
এছাড়া তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, তৌফিক ইমরোজ খালিদী ছিলেন দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তার নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমের নতুন দিগন্ত উন্মোচনে অবদান রাখে। তিনি দীর্ঘ সাংবাদিকতা জীবনে পেশাদারত্ব, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং তথ্যনির্ভর সাংবাদিকতার চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের গণমাধ্যমের আধুনিকায়ন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদীর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যু দেশের সাংবাদিকতা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও সহকর্মীদের এই গভীর শোক ও ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি কামনা করেন।

