আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ, মুক্তি দাবি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৪২ অপরাহন, অক্টোবর ৩, ২০২৬

মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার বিকেলে ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে উত্তরার জসিম উদ্দিন সড়ক মোড় থেকে মিছিলটি বের হয়ে বিমানবন্দর সড়কে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ থেকে আখতারুজ্জামানের মুক্তির দাবি জানানো হয়। একই সঙ্গে বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানায় দলটি।

এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আখতারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁর অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।

গোলাম পরওয়ারের দাবি, ১ অক্টোবর ওমরাহ পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে অন্যান্য যাত্রীর মতো আখতারুজ্জামানও হয়রানি ও ভোগান্তির শিকার হন। তাঁর অভিযোগ, তদন্তের আগেই উদ্দেশ্যমূলকভাবে মামলা করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবৃতিতে বিমানবন্দরের ইমিগ্রেশন ও যাত্রীসেবায় অব্যবস্থাপনার অভিযোগ তুলে জামায়াতের এই নেতা বলেন, যাত্রীদের অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ, দীর্ঘ সময় অপেক্ষায় রাখা, অসম্মানজনক আচরণ এবং লাগেজ নিয়ে হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। আখতারুজ্জামানসহ যেসব যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন, তার নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।

উত্তরার সমাবেশে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত, উত্তরা মডেল থানার আমির ইব্রাহীম খলীল, উত্তরা পশ্চিম থানা আমির মাজহারুল ইসলাম ও উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমানসহ অন্যরা।

Nagad

গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন বলেন, আখতারুজ্জামান একজন বীর মুক্তিযোদ্ধা। তাঁর দাবি, সামান্য কথা-কাটাকাটির ঘটনায় কোনো দায়িত্বশীল সংস্থার পক্ষ থেকে দুঃখ প্রকাশ না করে দ্রুত মামলা ও গ্রেপ্তার করা দায়িত্বশীল আচরণ নয়।

এদিকে বিমানবন্দরের ঘটনায় আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব শুক্রবার বিমানবন্দর থানায় মামলাটি করেন। মামলায় বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছে।

পরে মামলায় গ্রেপ্তার আখতারুজ্জামানকে আদালতে পাঠানো হলে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১ অক্টোবর শাহজালাল বিমানবন্দরে লাগেজ ও ট্রলি এবং ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহ নিয়ে আখতারুজ্জামানের সঙ্গে বিমানবন্দরের কর্মকর্তাদের কথা-কাটাকাটির ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আখতারুজ্জামান ১৯৯১ ও ১৯৯৬ সালে বিএনপির মনোনয়নে কিশোরগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে বিভিন্ন সময়ে বিএনপি থেকে বহিষ্কৃত ও পুনর্বহাল হন। ২০১৮ সালের নির্বাচনের আগে তিনি বিএনপিতে ফিরে মনোনয়ন পান। ২০২৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার পর আবারও দল থেকে বহিষ্কৃত হন। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন।