‘প্রধানমন্ত্রীর বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট’
রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজ বাসভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে গত তিন দিনে ২ হাজার ২০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর মধ্যে ১ হাজার ইউনিট নিজস্ব ব্যবহারে এবং বাকি ১ হাজার ২০০ ইউনিট জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকদের (ডিডি-এলজি) নিয়ে আয়োজিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায়’ তিনি এ তথ্য জানান। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী উপস্থিত ছিলেন।
মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ অন্যদের জন্যও একটি দৃষ্টান্ত তৈরি করেছে। এর ধারাবাহিকতায় সরকারি ভবনগুলোর ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগাতে চায় সরকার।
তিনি বলেন, সমবায় ভবনসহ দেশের জাতীয় ও সরকারি ভবনগুলোর ছাদ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হবে। প্রথমে এসব ভবনের নিজস্ব বিদ্যুতের চাহিদা মেটানো হবে। অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। বিদ্যুৎ উৎপাদনকে শুধু ব্যয়ের বিষয় হিসেবে না দেখে ব্যবসায়িক কার্যক্রম হিসেবেও বিবেচনার কথা বলেন তিনি।
উপজেলা পর্যায়ে সৌরবিদ্যুতের নেট মিটারিং নিয়েও প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমাধানে আসার কথা জানান প্রতিমন্ত্রী।
সভায় আসন্ন দুর্গাপূজা সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ইউএনওদের সতর্ক থাকার নির্দেশ দেন মীর শাহে আলম। তিনি বলেন, এ সময় পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। মাঠপর্যায়ে এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না।
স্থানীয় সরকার নির্বাচন নিয়েও ইউএনওদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ইউএনওদের সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এ কাজে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও উল্লেখ করেন।
আগের সরকারের সময়ে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে অনেক কর্মকর্তা চাকরি হারিয়েছেন বলেও মন্তব্য করেন মীর শাহে আলম। তাঁর বক্তব্য, বর্তমান বিএনপি সরকার কর্মকর্তাদের ‘দিনের ভোট রাতে’ নেওয়া বা ‘ডামি নির্বাচন’ আয়োজনের মতো কোনো নির্দেশ দেবে না।
সভায় রাজধানীর মিরপুরের রাড্ডা সেন্টারের ঘটনাটিও আলোচনায় আসে। মীর শাহে আলম জানান, ওই ঘটনার পর উত্তরের কমিটি বাতিল করা হয়েছে এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো সংসদ সদস্যের ব্যক্তিগত দায় সরকার নেবে না বলেও জানান তিনি।

