রংপুরের পথে প্রধানমন্ত্রী, যাবেন রাজশাহী-চট্টগ্রামেও; সৈয়দপুরে পথে পথে মানুষের ঢল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্, অক্টোবর ২০, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে রংপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রওনা হন তিনি। একই দিনে রংপুরের পাশাপাশি রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, সফরের প্রথমে রংপুর, এরপর রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম যাবেন তারেক রহমান। বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন তিনি। সফর শেষে মঙ্গলবার রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

সৈয়দপুরে মানুষের ঢল

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নীলফামারীর সৈয়দপুরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাঁকে একনজর দেখতে সৈয়দপুর বিমানবন্দর ও আশপাশের সড়কে সকাল থেকেই ভিড় করেন হাজারো মানুষ ও দলীয় নেতাকর্মী। বিমানবন্দর থেকে কামারপুকুর, চিকলী এবং ঢাকা-রংপুর মহাসড়কের বিভিন্ন অংশে সড়কের দুই পাশে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করছেন সাধারণ মানুষ। তাঁদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সড়কপথে রংপুরের ঐতিহাসিক ধর্মসভা ও কালিমন্দির পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর তিনি রাজশাহীর উদ্দেশে রওনা হবেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সৈয়দপুর ও রংপুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উত্তরাঞ্চলজুড়েও তাঁর সফরকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Nagad

রাজশাহীতে জনসভা

সফরসূচি অনুযায়ী, রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন তিনি। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন

রাজশাহী থেকে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন তারেক রহমান। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।