ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৬৬

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৫৫ অপরাহন, অক্টোবর ২০, ২০২৬

ডেঙ্গু। ফাইল ছবি

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৬ জন।

মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ। তাঁদের মধ্যে বরিশাল বিভাগের দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার দুজন এবং রংপুর বিভাগের একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৪১৫ জন। এ ছাড়া বরিশালে ১৯১, খুলনায় ১৪১, রাজশাহীতে ১২৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১৩, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১১০, চট্টগ্রামে ১০৫, ময়মনসিংহে ৮০, রংপুরে ৭২ ও সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৫৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ১৫ হাজার ৬১৭ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৩১৬ জন।

মাসভিত্তিক মৃত্যুর হিসাবে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মার্চ ও এপ্রিলে কেউ মারা যাননি। মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। এরপর জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে ১৪৮ জন মারা যান। চলতি অক্টোবরের ২০ তারিখ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেছে ১১২ জনের।

Nagad

মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নারী ৫৩ দশমিক ১ শতাংশ এবং পুরুষ ৪৬ দশমিক ৯ শতাংশ।

অক্টোবরে হাসপাতালে ভর্তি প্রায় ৩৬ হাজার

মাসভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি অক্টোবরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৯৯৭ জন। গত সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ৪৩ হাজার ৭৭৪।

এর আগে জানুয়ারিতে ১ হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে ২ হাজার ৯০৭, জুলাইয়ে ৯ হাজার ২০৬ এবং আগস্টে ২০ হাজার ৫৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। অন্যদিকে, এ বছর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৪৮ জন এবং ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনায় ৬৫, চট্টগ্রামে ৩২, বরিশালে ২৮, ময়মনসিংহে ২৭, রাজশাহীতে ২৩, রংপুরে সাত ও সিলেটে চারজনের মৃত্যু হয়েছে।