অনলাইনে নিবন্ধন করে ডিজে পার্টি, অতিরিক্ত ডিআইজির বাড়িতে কী কী হতো
রাজধানীর তিনশ’ ফিট এলাকায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে গত এক বছর ধরে নিয়মিত ডিজে পার্টির আয়োজন করা হচ্ছিল। অনলাইনে নিবন্ধন করে এসব পার্টিতে অংশ নিতে হতো। প্রতিটি আয়োজনে অংশগ্রহণের জন্য জনপ্রতি প্রায় ৬০০ টাকা নেওয়া হতো বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির।
তিনি জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে ডিজে পার্টির আয়োজন দেখতে পান পুলিশ সদস্যরা। ভবনটির সামনে ও আশপাশে প্রায় ২২টি গাড়ি ছিল। ভেতরে উচ্চ শব্দে গান বাজছিল এবং সীসা সেবনের কারণে পরিবেশ ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়েছিল।
অনলাইনে নিবন্ধন করে পার্টিতে অংশগ্রহণ
ডিসি ইলিয়াস কবির বলেন, এয়ারবিএনবি ও ট্রাভেলা নামের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এসব পার্টির আয়োজন করা হতো। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণকারীরা সেখানে প্রবেশ করতেন। প্রতি মাসে প্রায় ২০ থেকে ২২টি পার্টির আয়োজন করা হতো। প্রতিটি আয়োজনে অংশ নিতে জনপ্রতি প্রায় ৬০০ টাকা দিতে হতো। এ ছাড়া বাড়ি ভাড়া বাবদ অর্থ লেনদেনের তথ্যও পাওয়া গেছে।
পুলিশ জানায়, অভিযান চালানোর সময় বাড়িটিতে পার্টি চলছিল। পুলিশ প্রবেশের পর উপস্থিত ব্যক্তিরা বিভিন্ন কক্ষে চলে যান। ভবনটিতে মোট পাঁচটি কক্ষ ছিল।
আটক ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থী ও চাকরিজীবী
অভিযানের সময় বাড়িটি থেকে ৮৫ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ২৬ জন তরুণী ছিলেন। তাঁদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।
ইলিয়াস কবির বলেন, আটক নারীদের সবাই শিক্ষার্থী। তাঁদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীও রয়েছেন। অন্যদিকে, আটক পুরুষদের মধ্যে শিক্ষার্থী, করপোরেট চাকরিজীবী ও ব্যবসায়ী রয়েছেন।
উদ্ধার মাদক ও অন্যান্য সামগ্রী
অভিযানকালে বাড়িটি থেকে মদের তিনটি বোতল, ইয়াবা ও কুশ নামের একটি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ছাড়া যৌন স্বাস্থ্যসংশ্লিষ্ট সামগ্রীও উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী, আটক পুরুষদের এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাঁদের আরও ১৫ দিন কারাভোগ করতে হবে।
অন্যদিকে, আটক নারীদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও তিন দিন কারাভোগ করতে হবে।

