ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন, ২৫ বছর পর ইংল্যান্ডের প্রথম
ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন। রেকর্ড গড়া মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়েছেন তিনি। নারী বিভাগে ব্যালন ডি’অর জিতেছেন স্পেনের মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুতেয়াস।
২৫ বছর পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতলেন কেইন। এর আগে ২০০১ সালে এই পুরস্কার জিতেছিলেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার মাইকেল ওয়েন।
পুরস্কার গ্রহণের পর উচ্ছ্বাস প্রকাশ করে কেইন বলেন, ‘বাহ, বাহ, বাহ! আমি প্রায় বাকরুদ্ধ। লন্ডনে এই পুরস্কার পাওয়া আমার কাছে আরও বিশেষ কিছু। আজকের রাতটি আমার জন্য শুভ হয়ে এসেছে। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।’
এবারের পুরস্কারের জন্য খেলোয়াড় নির্বাচন কঠিন ছিল বলেও মনে করেন কেইন। অনুষ্ঠানে উপস্থিত বিশ্বমানের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অনেক কিছু অর্জন করা সম্ভব—এই পুরস্কার তারই প্রমাণ।
২০২৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর দলটির হয়ে বেশ কয়েকটি শিরোপা জিতেছেন কেইন। ২০২৫-২৬ মৌসুমে সেই সাফল্যের সঙ্গে যুক্ত হয় গোলের নতুন রেকর্ড।
মৌসুমজুড়ে সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্নের হয়ে ৫১ ম্যাচে ৬১ গোল করেন ইংল্যান্ডের এই অধিনায়ক। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে জার্মান ক্লাবটি ঘরোয়া লিগ ও কাপ—দুই শিরোপাই জেতে।
মৌসুম শেষে ইউরোপের অন্যতম সেরা গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন কেইন। ক্লাবের বাইরেও ইংল্যান্ড জাতীয় দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। বিশ্বকাপে দীর্ঘদিনের শিরোপা-খরা কাটানোর লক্ষ্যে এগিয়ে চলা ইংল্যান্ড দলের অন্যতম প্রধান ভরসা এই স্ট্রাইকার। সূত্র: আল-জাজিরা

