গোপনে ভিডিও ধারণ করছে কি না, স্মার্ট চশমা চিনবেন যেভাবে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:২৬ অপরাহন, অক্টোবর ৩১, ২০২৬

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে জনপ্রিয় হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট চশমা। এসব চশমার মাধ্যমে ছবি তোলা, ভিডিও ধারণ, অডিও শোনা, ভয়েস কমান্ড দেওয়া এবং বিভিন্ন তথ্য জানা যায়। তবে এসব ডিভাইসের অপব্যবহার করে কারও অজান্তে ভিডিও ধারণ কিংবা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কাও রয়েছে। তাই আশপাশে কেউ এআই চশমা ব্যবহার করছেন কি না, তা বোঝার কয়েকটি উপায় জেনে রাখা জরুরি।

চশমার ফ্রেম ও গঠন লক্ষ্য করুন
সাধারণ চশমার তুলনায় অনেক স্মার্ট চশমার ফ্রেম কিছুটা মোটা হয়। বিশেষ করে দুই পাশের ডাঁটি বা কানের ওপরের অংশে প্রযুক্তিগত যন্ত্রাংশ থাকায় এগুলো তুলনামূলক ভারী ও পুরু দেখাতে পারে। লেন্সের বাইরের দিকে ছোট ক্যামেরা থাকতে পারে। আবার চশমার ডাঁটির পেছনের দিকে স্পিকার, মাইক্রোফোন বা অন্যান্য যন্ত্রাংশের জন্য ছোট ছিদ্র ও গ্রিল দেখা যেতে পারে।

ইন্ডিকেটর লাইট আছে কি না দেখুন
অনেক স্মার্ট চশমায় ভিডিও ধারণের সময় ছোট এলইডি নির্দেশক বাতি জ্বলে ওঠে। কেউ চশমা দিয়ে ভিডিও ধারণ করছেন কি না, তা বোঝার ক্ষেত্রে এ আলো একটি ইঙ্গিত হতে পারে। তবে সব স্মার্ট চশমায় এ ধরনের নির্দেশক বাতি থাকে না। বাজারে কিছু কম দামের নকল বা বিকল্প চশমাও রয়েছে, যেগুলোতে রেকর্ডিংয়ের সময় কোনো আলো জ্বলে না।

ব্যবহারের ধরন খেয়াল করুন
কেউ স্মার্ট চশমা ব্যবহার করলে তাঁর কিছু আচরণ চোখে পড়তে পারে। যেমন—চশমার দুই পাশের ডাঁটিতে বারবার আঙুল দিয়ে চাপ দেওয়া, মাঝেমধ্যে স্থির হয়ে চশমার দিকে তাকিয়ে থাকা, নিচু স্বরে নিজেকে নির্দেশনা দেওয়া বা ভয়েস কমান্ড ব্যবহার করা। এ ছাড়া চশমার ডাঁটির কোনো বোতাম বা স্পর্শনির্ভর অংশে বারবার হাত দেওয়ার বিষয়টিও লক্ষ করা যেতে পারে।

এসব আচরণ স্মার্ট চশমা ব্যবহারের ইঙ্গিত হতে পারে। তবে শুধু এসব লক্ষণ দেখে নিশ্চিত হওয়া যায় না যে কেউ গোপনে ভিডিও ধারণ করছেন।

স্মার্টফোনের অ্যাপেও মিলতে পারে সতর্কবার্তা
কাছাকাছি স্মার্ট চশমা আছে কি না, তা শনাক্ত করার জন্য কিছু অ্যাপ তৈরি হয়েছে। ‘নিয়ারবাই গ্লাসেস’ ও ‘জাকঅফ’ নামের অ্যাপ ব্লুটুথের মাধ্যমে আশপাশের ডিভাইস শনাক্ত করার চেষ্টা করে। এসব ডিভাইসের সঙ্গে সংশ্লিষ্ট পরিচিত শনাক্তকারী সংকেতও পরীক্ষা করে।

Nagad

তবে এসব অ্যাপের ফলাফল পুরোপুরি নির্ভরযোগ্য নয়। কোনো ব্যক্তি স্মার্ট চশমার ব্লুটুথ বন্ধ রাখলে অ্যাপ সেটি শনাক্ত করতে নাও পারে। আবার আশপাশের অন্য কোনো ডিভাইসকে ভুল করে স্মার্ট চশমা হিসেবে শনাক্ত করার আশঙ্কাও রয়েছে। তাই এগুলোকে প্রাথমিক সতর্কতার মাধ্যম হিসেবে বিবেচনা করা উচিত।

সন্দেহ হলে কী করবেন?
কেউ স্মার্ট চশমা দিয়ে গোপনে ভিডিও ধারণ করছেন বলে সন্দেহ হলে তৎক্ষণাৎ উত্তেজিত হয়ে মুখোমুখি হওয়া ঠিক নয়। প্রয়োজনে ওই ব্যক্তির কাছ থেকে নিরাপদ দূরত্বে সরে যান। কেউ অনুসরণ করলে বা নিরাপত্তার ঝুঁকি তৈরি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিন।

কোনো গোপনীয় বৈঠক বা অনুষ্ঠানে স্মার্ট চশমা ব্যবহারের ঝুঁকি থাকলে আয়োজকেরা আগে থেকেই জানিয়ে দিতে পারেন, সেখানে এ ধরনের ডিভাইস ব্যবহার বা ভিডিও ধারণের অনুমতি নেই। কারও সঙ্গে এ বিষয়ে কথা বলার প্রয়োজন হলে শান্তভাবে এবং জনসমাগমপূর্ণ স্থানে কথা বলাই ভালো।

সবশেষে মনে রাখতে হবে, শুধু চশমার গঠন, আলো বা কারও আচরণ দেখে নিশ্চিত হওয়া যায় না যে তিনি গোপনে ভিডিও ধারণ করছেন। তবে এসব লক্ষণ সম্পর্কে সচেতন থাকলে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় সতর্ক থাকা সম্ভব।

সূত্র: এনগ্যাজেট