ঢাকার ছয় রুটে আজ থেকে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু
রাজধানীর ছয়টি রুটে আজ রোববার (১ নভেম্বর) থেকে চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস চলাচল। বাস রুট রেশনালাইজেশন পদ্ধতির আওতায় এসব রুটে নির্দিষ্ট কোম্পানির বাস পরিচালিত হবে। ২০১৫ সালে উদ্যোগ নেওয়ার ১১ বছর পর বড় পরিসরে এ পদ্ধতি চালু হচ্ছে।
এর আগে ২০২১ সালের ডিসেম্বরে রাজধানীর ঘাটারচর থেকে সাইনবোর্ড পর্যন্ত পরীক্ষামূলকভাবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাস চলাচল শুরু হয়েছিল। তবে সেই উদ্যোগ সফল হয়নি।
গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে গত ৮ অক্টোবর বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিনি ছয় মাসের মধ্যে বাস রুট রেশনালাইজেশন সম্পন্ন করার নির্দেশ দেন। এ পরিকল্পনার আওতায় রাজধানীর বিদ্যমান ৯৮টি বাস রুট পুনর্বিন্যাস করে ৩২টিতে নামিয়ে আনা হবে। প্রতিটি রুটে একটি কোম্পানির বাস চলবে। বর্তমানে যেসব কোম্পানির বাস চলাচল করছে, সেগুলোকে একীভূত করে একটি কোম্পানি গঠনের পরিকল্পনা রয়েছে।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, আজ বেলা ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। এতে পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের উপস্থিত থাকার কথা রয়েছে। তিনি পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী।
শিমুল বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ছয়টি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশিত সময়ের মধ্যে ৩২টি রুটেই এ ব্যবস্থা চালু করা হবে।
প্রাথমিকভাবে বাস চলাচলের জন্য নির্ধারিত ছয়টি রুট হলো- গাজীপুরের শিববাড়ী থেকে ঢাকার আজিমপুর। মিরপুর থেকে কেরানীগঞ্জ। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে ডেমরা। ঘাটারচর থেকে কাঁচপুর। ঘাটারচর থেকে ধউর। টঙ্গী থেকে আজিমপুর।
পরিকল্পনা অনুযায়ী, রুটভেদে ২০ থেকে ২৫৩টি বাস পরিচালনা করা হবে। এর মধ্যে শিববাড়ী থেকে আজিমপুর পর্যন্ত ২৬ দশমিক ৪৭ কিলোমিটার রুটে ২৫৩টি শীতাতপনিয়ন্ত্রিত নয় এমন বাস চালাবে ভিআইপি পরিবহন। বর্তমানে এ রুটে ভিআইপি ও বিকাশ পরিবহনের বাস চলাচল করছে।

