যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ডেমোক্র্যাটরা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্, নভম্বর ৪, ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। ভোট গণনা চলার মধ্যেই কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ দলটির হাতে যাওয়ার পূর্বাভাস দিয়েছে সিবিএস নিউজ। তবে সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা কয়েকটি আসনে জয় পেয়ে রিপাবলিকানদের কাছ থেকে আসন ছিনিয়ে নেওয়ার পথে রয়েছে। অন্যদিকে সিনেটে দলটির অগ্রগতি হলেও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়নি। গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে ভোট গণনা চলছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হয়েছে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সিবিএস নিউজের পূর্বাভাস অনুযায়ী, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। এই কক্ষের নিয়ন্ত্রণ পেতে ২১৮টি আসন প্রয়োজন। তবে সিনেটের নিয়ন্ত্রণ নির্ধারণে আলাস্কা, আইওয়া, মেইন, মিশিগান, ওহাইও ও টেক্সাসের মতো অঙ্গরাজ্যের ফল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

নজরকাড়া প্রতিদ্বন্দ্বিতার মধ্যে রয়েছে টেক্সাসের সিনেট নির্বাচন। সেখানে ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকোর সঙ্গে রিপাবলিকান কেন প্যাক্সটনের লড়াই হচ্ছে। মিশিগানে ডেমোক্র্যাট আবদুল এল-সাইয়েদ ও রিপাবলিকান মাইক রজার্সের প্রতিদ্বন্দ্বিতা নিয়েও আগ্রহ রয়েছে। মেইনে রিপাবলিকান সিনেটর সুসান কলিন্সের মুখোমুখি হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ট্রয় জ্যাকসন।

ভোট গণনার গতি অঙ্গরাজ্যভেদে ভিন্ন হওয়ায় সব আসনের ফল দ্রুত জানা নাও যেতে পারে। বিশেষ করে ডাকযোগে পাঠানো ও আগাম ভোটের ব্যালট গণনায় সময় লাগতে পারে। কোনো আসনে প্রতিদ্বন্দ্বিতা খুব কাছাকাছি হলে বিজয়ী ঘোষণা করতেও অপেক্ষা করতে হয়। ফলে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ চূড়ান্তভাবে নির্ধারিত হতে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন সময় লাগতে পারে।

Nagad

বর্তমানে প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। মধ্যবর্তী নির্বাচনের ফলের মধ্য দিয়ে ডেমোক্র্যাটরা অন্তত একটি কক্ষের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করছে।