অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, এক লাখ টাকা জরিমানা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:০০ অপরাহন, নভম্বর ৪, ২০২৬

রাজধানীর দক্ষিণ বাড্ডায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়া পণ্য তৈরি ও বিক্রির দায়ে ‘নিউ বি-বাড়িয়া বেকারি অ্যান্ড সুইটস’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার (৪ নভেম্বর) বাড্ডার দারোগা বাড়ির মোড় এলাকায় প্রতিষ্ঠানটির ব্রেড, বিস্কুট ও কেক উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় প্রতিষ্ঠানটির বাধ্যতামূলক সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ যাচাই করা হয়।

অভিযানে প্রতিষ্ঠানটির অনুকূলে কোনো সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ পাওয়া যায়নি। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণের প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে বিএসটিআইয়ের সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী সাত কর্মদিবসের মধ্যে সিএম লাইসেন্স গ্রহণ এবং মোড়কজাত নিবন্ধন সনদের জন্য আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সনদ গ্রহণে উদ্যোগ না নিলে বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।

Nagad

অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার ফারদিন ইসলাম এবং পরিদর্শক (মেট্রোলজি) তৌহিদুল ইসলাম।