পিরোজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন
‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান-টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) জহিরুল ইসলাম।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, আমন্ত্রিত অতিথি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ব্যবসায়ী সমিতির প্রতিনিধি এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং আলোচনা সভা সঞ্চালনা করেন পিরোজপুর সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নাঈম মাহমুদ। দিবসটি উপলক্ষে মূল স্লাইড উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়, পিরোজপুরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) হারুন-অর-রশীদ।
প্রেজেন্টেশনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিষ্ঠার ইতিহাস, সাংগঠনিক কাঠামো ও কার্যক্রম তুলে ধরা হয়। পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে নির্ভরযোগ্য পরিসংখ্যানের গুরুত্ব ও তাৎপর্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন, পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণে নির্ভরযোগ্য পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম। টেকসই উন্নয়ন ও উন্নয়ন পরিকল্পনার যথাযথ বাস্তবায়নে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য-উপাত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, তথ্য সংগ্রহের প্রতিটি পর্যায়ে সতর্কতা, দায়িত্বশীলতা ও নির্ভুলতা নিশ্চিত করতে হবে। সংগৃহীত তথ্যের যথার্থতা নিশ্চিত করা গেলে তা দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।
আলোচনায় দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, সম্পদের সুষ্ঠু ব্যবহার, নীতি নির্ধারণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নির্ভরযোগ্য, সময়োপযোগী ও সহজলভ্য পরিসংখ্যানের অপরিহার্যতার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় জনসচেতনতা বৃদ্ধি এবং জাতীয় উন্নয়নে পরিসংখ্যানের কার্যকর ব্যবহার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

