গাজীপুরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের মৌচাক এলাকায় আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা সকালে কর্মস্থলে যান। তবে কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন তারা। পরে কারখানা ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বর্তমানে মৌচাক ও আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে গাজীপুর নগরীর কোনাবাড়ী ও জরুন এলাকায় ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে আশপাশে অবস্থান করছেন। এছাড়া কোনাবাড়ীতে অবস্থিত এম এম নিট ওয়্যার লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। এতে যান চলাচল বন্ধ রয়েছে।

