অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৫৪ অপরাহন, নভম্বর ১২, ২০২৬

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করা খুব জরুরি। স্ট্যান্ডার্ড যদি মেইনটেইন না হয়, তাহলে আপনাদের ভিউজও হবে না। কোয়ালিটি ভালো না হলে মানুষও আগ্রহ নিয়ে আপনাদের নিউজ পোর্টালে আসবে না। কাজেই স্ট্যান্ডার্ড মেইনটেইন করার জন্য প্রয়োজনীয় সামর্থ্য আপনাদের নিউজ পোর্টালের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।’

অনলাইন পোর্টালের প্রতি বছর নবায়নের ব্যবস্থা বাতিলের প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, ‘এই ফি একটা টোকেন ফি। এটি অতীতেও চালু ছিল। আর এটা পাঁচ হাজার টাকা, বড় কোনো অঙ্ক নয়। অনেকেই কিন্তু এটাকে পাঁচ লাখ টাকা করার প্রস্তাব দেননি।’

প্রতিমন্ত্রী বলেন, অনলাইন গণমাধ্যমের মালিকদের বিভিন্ন প্রস্তাব লিখিত আকারে দিলে সেগুলো বিবেচনা করা সহজ হবে। এ বিষয়ে বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা চলছে। অনলাইন গণমাধ্যমের পাশাপাশি কনটেন্ট নির্মাতাদের সঙ্গেও পর্যায়ক্রমে বৈঠক করা হবে।

নীতিমালা প্রণয়নের বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, সংশ্লিষ্ট উপদেষ্টাসহ সবার সঙ্গে আলোচনা করে নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।

Nagad

বৈঠকে অনাবের নেতারা নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের প্রতিবছর নবায়নের শর্ত বাতিল, নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনা এবং অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করাসহ বিভিন্ন দাবি জানান।