আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে দেশ, ব্যবহার মাত্র ১৮ শতাংশ: বিডিনগ সম্মলনে বক্তারা

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ১০:০০ অপরাহন, নভম্বর ১৪, ২০২৬

আইপিভি৬ বাস্তবায়নে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে রয়েছে। দেশে আইপিভি৬ ব্যবহারের হার মাত্র ১৮ শতাংশ, যেখানে দক্ষিণ এশিয়ায় এ হার ৬৬ শতাংশ। নেটওয়ার্ক নিরাপত্তার জন্য আইপিভি৬ বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা।

শনিবার (১৪ নভেম্বর) কক্সবাজারের লং বিচ হোটেলে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) ২২তম সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

সম্মেলনের প্রধান বক্তা এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) মহাপরিচালক জিয়া রং লো বলেন, দক্ষিণ এশিয়ায় আইপিভি৬ ব্যবহারের হার ৬৬ শতাংশ হলেও বাংলাদেশে তা মাত্র ১৮ শতাংশ। ফলে আইপিভি৬ বাস্তবায়নে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে রয়েছে। নিরাপত্তার জন্য এটি ভালো উদাহরণ নয়। তিনি বলেন, নেটওয়ার্ক নিরাপত্তা কোনো পছন্দের বিষয় নয়, এটি থাকতেই হবে। আইপিভি৬ বাস্তবায়নে বাংলাদেশের আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

জিয়া রং লো আরও জানান, আগামী দক্ষিণ এশীয় নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার মহাপরিচালক (ইঅ্যান্ডও) ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আযম পারভেজ। তিনি বলেন, আইপিভি৬-এর কোনো বিকল্প নেই। এটি সারা দেশে আরও ছড়িয়ে দিতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির মাধ্যমে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। শফিউল আযম পারভেজ বলেন, এ বিষয়ে শিল্প খাত থেকে কোনো প্রস্তাবনা পাওয়া গেলে বিটিআরসি উদ্যোগ নেবে।

দেশীয় বক্তারা বলেন, আইপিভি৬ বাস্তবায়নে সরকারকে উদ্যোগ নিতে হবে। সরকার উদ্যোগ নিলে কাজটি আরও সহজ হবে। এ বিষয়ে তারা সরকারের উদ্যোগের দিকে তাকিয়ে আছেন।

Nagad

আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, আইএসপিএবি, বিডিনগ ও এপনিক—এই তিন সংগঠন একসঙ্গে কাজ করতে পারলে দেশের আইএসপি খাতকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রযুক্তি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট পেশাজীবীদের নিয়ে ১১ নভেম্বর কক্সবাজারে বিডিনগের কারিগরি কর্মশালা শুরু হয়। ১১ থেকে ১৩ নভেম্বর তিন দিন কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার (১৪ নভেম্বর) ২২তম সম্মেলনের মধ্য দিয়ে শেষ হয় পুরো আয়োজন। আয়োজকরা জানান, এবারের কারিগরি কর্মশালায় দেশের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের ১০৫ জন প্রকৌশলী অংশ নেন। কর্মশালায় উন্নত রাউটিং ও এন্টারপ্রাইজ নেটওয়ার্ক নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বিডিনগের মহাসচিব বরকতুল আলম বিপ্লব জানান, এবারের সম্মেলনে অন্যান্যবারের তুলনায় বিদেশি বক্তাদের উপস্থিতি বেশি ছিল।

সম্মেলনের স্থানীয় মূল প্রবন্ধ উপস্থাপক গাজী জিহাদুল কবির বলেন, দক্ষিণ এশিয়ায় ব্যান্ডউইথের ব্যবহার বাড়লেও সে অনুযায়ী রাজস্ব বাড়ছে না। তার উপস্থাপনায় এ পরিস্থিতি থেকে উত্তরণের বিভিন্ন উপায় তুলে ধরা হয়।

বিডিনগের ২২তম সম্মেলনে নেটওয়ার্ক পরিচালনা, ইন্টারনেট প্রযুক্তি ও সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি জ্ঞান অর্জন এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান অংশগ্রহণকারীরা। পাশাপাশি দেশের ইন্টারনেট খাতের প্রকৌশলী, অপারেটর, শিল্পসংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও প্রযুক্তি পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হয়।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস প্রমোশন কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্শেদা জামান, আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম, মহাসচিব নাজমুল করিম ভূঁঞা এবং বিডিনগ ট্রাস্টি চেয়ার রাশেদ আমিন বিদ্যুৎসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। আয়োজনের সহ-আয়োজক ছিল দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি। সহযোগিতায় ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল। সম্মেলনের ইন্টারনেট পার্টনার ছিল আম্বার আইটি লিমিটেড।

সম্মেলনে এপনিকের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতির জন্য আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।