তিন মাস পর মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন রণতরী জর্জ ওয়াশিংটন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:০৭ পূর্বাহ্, নভম্বর ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন তিন মাস পর মধ্যপ্রাচ্য ছেড়ে গেছে। বুধবার মার্কিন নৌবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইউএস নেভাল ইনস্টিটিউটের অনলাইন সংবাদ সেবা ইউএসএনআই নিউজ এ তথ্য জানিয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর প্রকাশ করেছে।

মার্কিন প্যাসিফিক ফ্লিটের এক মুখপাত্র ইউএসএনআই নিউজকে জানান, জাপানভিত্তিক রণতরীটি বর্তমানে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের অভিযান এলাকায় রয়েছে। তবে এর সঙ্গে কোন কোন সহযোগী নিরাপত্তা জাহাজ রয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

প্রতিবেদন অনুযায়ী, ইউএসএস আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হতে গত ১৯ আগস্ট জর্জ ওয়াশিংটন স্ট্রাইক গ্রুপ যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের অভিযান এলাকায় পৌঁছায়।

জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্য ছাড়ার আগে গত রোববার ইউএসএস থিওডোর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ওই অঞ্চলে পৌঁছায়। ফলে মধ্যপ্রাচ্যে এখন দুটি মার্কিন বিমানবাহী রণতরীভিত্তিক স্ট্রাইক গ্রুপ রয়েছে। এর মধ্যে এপ্রিল থেকে আরব সাগরে অবস্থান করছে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ।

জর্জ ওয়াশিংটন জাপানের ইয়োকোসুকায় নিজ ঘাঁটিতে ফিরছে কি না, নাকি ফেরার পথে অন্য কোনো বন্দরে অবস্থান করবে—তা এখনো স্পষ্ট নয়। গত মে মাসের শেষ দিকে ইয়োকোসুকা থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছিল রণতরীটি।

জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে যাওয়ার পর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী ছিল না।

Nagad

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা তীব্র থাকার মধ্যেই জর্জ ওয়াশিংটনকে সরিয়ে নেওয়ার এই পদক্ষেপ নেওয়া হলো। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়।

জুনে ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতা স্মারকে সই করলেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে মতবিরোধের কারণে এর বাস্তবায়ন থমকে আছে। জ্বালানি ও পণ্য সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথকে ঘিরেই দুই দেশের বিরোধ অব্যাহত রয়েছে।

জুলাই থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক প্রচেষ্টা চললেও দুই দেশের সংঘাত মাঝেমধ্যে আবারও শুরু হয়েছে। এতে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব পড়েছে।

ওয়াশিংটন ও তেল আবিবের অভিযোগ, ইরান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিত্র আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি। তবে তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত।