পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৪০ পূর্বাহ্, নভম্বর ২৫, ২০২৬

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। এতে সর্বনিম্ন গ্রেডের বা গ্রেড-৪ শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়েছে। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ডের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বোর্ডের একাধিক সদস্য।

সভায় দীর্ঘ আলোচনা করেও মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা মজুরির একটি নির্দিষ্ট অঙ্কে একমত হতে পারেননি। পরে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর উদ্যোগে গোপন ভোটের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়।

বোর্ডের সভার সিদ্ধান্তসংক্রান্ত নথি অনুযায়ী, সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের জন্য শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা। অন্যদিকে মালিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে দুই হাজার টাকার ব্যবধান থাকায় আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

এ অবস্থায় বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর ১২৯ বিধির ২ উপবিধি অনুযায়ী গোপন ভোটের আয়োজন করা হয়। ভোটের ফলাফলে বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা নির্ধারণের পক্ষে ভোট দেন। বাকি দুজন ১৮ হাজার টাকা নির্ধারণের পক্ষে মত দেন। ফলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে গ্রেড-৪ শ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়।

অন্য গ্রেডে কত মজুরি

Nagad

নতুন মজুরি কাঠামোতে গ্রেড-৪ শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেড-১-এ ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব উপস্থিত ছিলেন।

এ ছাড়া মালিকপক্ষ থেকে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং শ্রমিকপক্ষ থেকে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম বিশেষজ্ঞ হিসেবে সভায় অংশ নেন।

শুরু থেকেই ছিল বড় ব্যবধান

মজুরি নির্ধারণ নিয়ে শুরু থেকেই মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে বড় ধরনের ব্যবধান ছিল। সোমবার অনুষ্ঠিত বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ প্রথম সংশোধিত মজুরি প্রস্তাব জমা দেয়। শুরুতে তারা সর্বনিম্ন মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করেছিল। পরে শ্রমিকপক্ষ ২৫ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। এর পরিপ্রেক্ষিতে মালিকপক্ষ ১৫ হাজার ৫০০ টাকা দিতে রাজি হয়।

তবে ওই প্রস্তাবে সন্তুষ্ট না হয়ে শ্রমিকপক্ষ তাদের দাবি ৩২ হাজার টাকা থেকে কমিয়ে ২২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। সবশেষে মালিকপক্ষ সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব দেয়। দুই পক্ষের মধ্যে ব্যবধান কমে না আসায় সোমবার রাত সাড়ে আটটার দিকে কোনো সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়।

মঙ্গলবার এক ঘণ্টার বেশি সময় বৈঠকের পর বিকেল পৌনে পাঁচটায় বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের বলেন, আলোচনায় তিনি কখনো মালিকপক্ষ, আবার কখনো শ্রমিকপক্ষের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন। দুই পক্ষের প্রতিনিধিদের নিজেদের মধ্যেও আলাদা আলোচনা করার সুযোগ দেওয়া হয়েছে।

তিনি জানান, সোমবারের সভায় শ্রমিকপক্ষ গ্রেড-১-এ ৩৫ হাজার টাকা, গ্রেড-২-এ ৩০ হাজার টাকা, গ্রেড-৩-এ ২৭ হাজার টাকা এবং গ্রেড-৪-এ ২২ হাজার টাকা নিম্নতম মজুরি দাবি করে। এর বিপরীতে মালিকপক্ষ গ্রেড-১-এ ১৮ হাজার ৮২৮ টাকা, গ্রেড-২-এ ১৭ হাজার ৮৮৭ টাকা, গ্রেড-৩-এ ১৬ হাজার ৯৯৬ টাকা এবং গ্রেড-৪-এ ১৫ হাজার ৭০০ টাকা মজুরি দেওয়ার প্রস্তাব করে।

বিক্ষোভে উত্তাল গাজীপুর

মজুরি নির্ধারণের দাবিতে আগের দিনের মতো গতকালও দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। তাঁদের কেউ ৩০ হাজার, আবার কেউ ৩২ হাজার টাকা মজুরি দাবি করে স্লোগান দেন।

এদিকে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকেরা বিক্ষোভ করেন। এ সময় কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। কোথাও কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পুলিশ।

এ ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় পুলিশ বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ জানায়, শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের ভোগরা বাইপাস, চৌরাস্তা ও কোনাবাড়ী এলাকার ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকে মৌচাক ও তেলিরচালা এলাকাতেও অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা।

দুপুর পৌনে ১২টার দিকে ভোগরা বাইপাস ও চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে গাজীপুরা এলাকায় মহাসড়কের ওপর থাকা পুলিশ বক্স ভাঙচুর করেন তাঁরা। পরে পুলিশ বক্সের মালামাল ও আশপাশ থেকে লাকড়ি এনে মহাসড়কে আগুন ধরিয়ে দেওয়া হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকেরা পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে সড়কে ফেলে আগুন ধরিয়ে দেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং শ্রমিকদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ জানায়, সাভার-আশুলিয়ার কিছু স্থানে চলমান কারখানাগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হয়। এ সময় ইটপাটকেল ছুড়ে কারখানার ফটক ভাঙচুর করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধাপে ধাপে বল প্রয়োগ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

৩০ বছরে মজুরি বেড়েছে ১১ হাজার ৫৭০ টাকা

পোশাকশিল্প-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নব্বইয়ের দশকের শুরুতে তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ছিল ৬২৭ টাকা। ১৯৯৪ সালে তা ৪৮ শতাংশ বেড়ে ৯৩০ টাকা হয়। এরপর প্রায় ৩০ বছরে তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বেড়েছে ১১ হাজার ৫৭০ টাকা।

সর্বশেষ ২০২৩ সালে নিম্নতম মজুরি ৫৬ শতাংশ বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল।