নারায়ণগঞ্জে কনস্টেবল হত্যা: গুলিবিদ্ধ ডেভিড, গ্রেপ্তার ৬

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:০৯ অপরাহন, নভম্বর ২৫, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় রাতভর যৌথ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও এসআরবি-১১। অভিযানের সময় পালানোর চেষ্টা করলে রিয়াজ ওরফে ডেভিড পুলিশের গুলিতে আহত হয়েছেন। তাঁর পায়ে গুলি লেগেছে।

বুধবার (২৫ নভেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফতুল্লার হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তাঁর ভাই আব্দুল্লাহ ও সহযোগী সামাদ। এ ছাড়া আদর ও আজাদ নামে আরও দুজনকে এসআরবির পৃথক একটি দল গ্রেপ্তার করেছে।

অভিযানের সময় পালানোর চেষ্টা করলে ডেভিডকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। এতে তাঁর পায়ে গুলি লাগে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, পুলিশি অভিযান এখনো চলছে। অভিযান শেষ হলে গ্রেপ্তার ও অন্যান্য বিষয়ে বিস্তারিত জানানো হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান বলেন, পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে আটক করা হয়। অন্যদের ফতুল্লার দেওভোগ, নাগবাড়ি ও আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

Nagad

পুলিশের ভাষ্য, কনস্টেবল হত্যা ছাড়াও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এর আগে গত রোববার রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা (৩২)। তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামে।