আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
বগুড়ায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজানকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার ‘সুস্পষ্ট প্রমাণের’ ভিত্তিতে মিজানুর রহমান মিজানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপির কোনো নেতাকর্মী মিজানুর রহমান মিজানের সঙ্গে সাংগঠনিকভাবে কোনো ধরনের যোগাযোগ রাখলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা জানান, অভিযোগ ওঠার পর প্রথমে মিজানুর রহমান মিজানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতেই কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

