পুড়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, নতুন অফিসে কার্যক্রম শুরু: আসিফ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:১৮ অপরাহন, december ২৮, ২০২৪

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের (নগর ভবন) শূন্য কক্ষগুলোতে মন্ত্রণালয়ের কার্যক্রম শুরু হবে।

রোববার (২৯ ডিসেম্বর) সাংবাদিকদের তিনি জানান, দপ্তরের কার্যক্রম একদিনের জন্যও বন্ধ রাখা হবে না এবং চলমান জনবান্ধব উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে মন্ত্রণালয়ের সব কর্মকর্তাদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন।

তিনি বলেন, দাপ্তরিক কার্যক্রম একদিনের জন্যও বন্ধ রাখা হবে না। মন্ত্রণালয়ের চলমান জনবান্ধব উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত করা এবং বিগত ফ্যাসিস্ট আমলের দুর্নীতির তথ্য লোপাট করার ষড়যন্ত্রকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আগের চেয়ে আরও দৃঢ় চিত্তে মন্ত্রণালয়ের কার্যক্রমকে গতিশীল করতে সব কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন তিনি।

এর আগে গত বুধবার গভীর রাতের আগুনে পাঁচটি মন্ত্রণালয়ের কার্যালয়, নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে গেছে। এর মধ্যে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুই বিভাগও রয়েছে।