জুলাই থেকে এক দেশ এক রেট: সারাদেশে এক দামে ব্রডব্যান্ড ইন্টারনেট
আগামী ১ জুলাই থেকে সারাদেশে একক দামে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হচ্ছে। এ লক্ষ্যে নতুন ট্যারিফ নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সর্বোচ্চ কনটেনশন রেশিও ১:৮ ভিত্তিতে ৫ এমবিপিএস ইন্টারনেট সেবার সর্বোচ্চ মাসিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা, ১০ এমবিপিএস ৭০০ টাকা এবং ২০ এমবিপিএস ১,১০০ টাকা। মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন— সব স্তরে এ হার একযোগে কার্যকর হবে।
বৃহস্পতিবার (২২ মে) বিটিআরসি সরকারি-বেসরকারি সব ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান (আইএসপি)-এর জন্য ‘এক দেশ, এক রেট’ নীতির আওতায় এ সিদ্ধান্ত ঘোষণা করে।
বিটিআরসি জানিয়েছে, এ ট্যারিফ প্রাথমিকভাবে ৫ বছরের জন্য বলবৎ থাকবে এবং পরবর্তীতে নতুন কোনো ঘোষণা না আসা পর্যন্ত তা কার্যকর থাকবে। অনুমোদিত এই দামে ব্যত্যয় ঘটালে সংশ্লিষ্ট আইএসপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করে নিয়ন্ত্রক সংস্থা।
গ্রাহক সন্তুষ্টি এবং সেবার মান নিশ্চিত করতে বিটিআরসি চালু করেছে ‘গ্রেড অব সার্ভিস’ নীতি। এই নীতির আওতায়— ইন্টারনেট সংযোগ টানা ৫ দিন বিচ্ছিন্ন থাকলে বিলের ৫০ শতাংশ ছাড়, ১০ দিন বিচ্ছিন্ন থাকলে ২৫ শতাংশ ছাড়, ১৫ দিন বা তার বেশি সময় বিচ্ছিন্ন থাকলে পুরো মাসের বিল মওকুফ।
আইএসপিএবি’র প্রতিক্রিয়া
বাংলাদেশ আইএসপি অ্যাসোসিয়েশন (আইএসপিএবি)-এর নেতারা জানিয়েছেন, অনেক প্রতিষ্ঠান নতুন নির্ধারিত দামের চেয়েও কমে সেবা দিয়ে আসছে। পাশাপাশি সরকার ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজি)-এর জন্যও নতুন ট্যারিফ ঘোষণা করেছে, যার প্রভাব আইএসপি খাতে পড়বে বলেও মন্তব্য তাদের।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে সারাদেশে গ্রাহকরা সাশ্রয়ী, মানসম্পন্ন এবং সমান দামে ইন্টারনেট সেবা পাবেন। একই সঙ্গে আইএসপি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট মান বজায় রেখে সেবা দিতে বাধ্য করা যাবে।

