১৬ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:১৫ অপরাহন, মে ২৯, ২০২৫

অমাবস্যা ও গভীর নিম্নচাপের প্রভাবে দেশের ১৬টি উপকূলীয় জেলায় ২ থেকে ৪ ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবনের শঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা এবং এসব জেলার অদূরবর্তী দ্বীপ ও চরাঞ্চল জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিমবঙ্গ–বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে। এটি বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Nagad